চাকরি জাতীয়করণের পর ৪ মাস পেরিয়ে গেলেও বড়াইগ্রামের ৩০টি রেজিষ্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের ১১৭ জন শিক্ষক বেতন পাচ্ছেন না। গত ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের রেজিষ্ট্রার্ড ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণের ঘোষণা দেন। প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, উপজেলায় মোট ৩০টি রেজিষ্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় আছে। উপজেলা রেজিষ্ট্রার্ড প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামসুল আলম বলেন, জাতীয়করণের ফলে বেতন-ভাতা বেড়েছে। তবে বর্তমানে বেতন না পাওয়ায় আমরা খুব কষ্টে আছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, আমরা নির্দিষ্ট সময়ের আগেই বাছাইয়ের কাজ শেষ করে জেলা কমিটিতে পাঠিয়েছি। বর্তমানে জেলা কমিটির যাচাই-বাছাই চলছে। পুরো কাজ শেষ হতে হয়তো আরো বেশ কিছুদিন সময় লাগবে। তবে বকেয়া বেতন তারা একসঙ্গে পাবেন। এছাড়া নতুন নিয়োগপ্রাপ্ত ২৩ জন শিক্ষকও একসাথে এমপিওভুক্ত হবেন বলে তিনি জানান।
বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে ৫টি বাড়ি পুড়ে ছাই
নাটোরের বড়াইগ্রাম উপজেলার তারানগরে মঙ্গলবার সন্ধ্যায় আকস্মিক অগ্নিকাণ্ডে ৫টি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে কমপক্ষে ৭ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। তারানগর গ্রামের খাদেম মন্ডলের বাড়িতে রান্না করার সময় আগুনের সূত্রপাত ঘটে। অল্প সময়ের মধ্যে আগুন গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। বড়াইগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মমিন আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের নগদ আর্থিক সহযোগিতা করেছেন।
