চলচ্চিত্রে সিনিয়র তারকারা এখন তরুণ অভিনেতাদের সাথে নতুনভাবে জুটি তৈরি করার চেষ্টা করছেন। চিত্রনায়িকা মৌসুমী ও ফেরদৌস জুটি দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে খুব একটা সফল না হওয়ায় এ জুটি নিয়েও চলচ্চিত্র তৈরি হচ্ছে না। তাই তরুণ নির্মাতারা এখন অসম বয়সী চলচ্চিত্র তারকাদের নিয়ে বড় পর্দায় নতুন কেমিস্ট্রি তৈরির চেষ্টা করছেন। সর্বশেষ মোস্তফা কামাল রাজের চলচ্চিত্রে পূর্ণিমার সাথে জুটি হিসেবে দেয়া হয়েছে এ সময়ের অভিনেতা আরেফিন শুভ। যিনি পূর্ণিমার চেয়ে সবদিক দিয়েই জুনিয়র। এই ধারাবাহিকতায় সম্প্রতি ‘চার অক্ষরের ভালবাসা’ চলচ্চিত্রে চিত্রনায়িকা পপি জুটি গড়লেন এ সময়ের অভিনেতা নিরবের সঙ্গে।
এ প্রসঙ্গে নিরব বলেন, ‘আমার মনে হয় চলচ্চিত্রটাই যেহেতু ফ্যান্টাসীর জায়গা। তাই এটাকে যদি বিশ্বাসযোগ্য করে উপস্থাপন করা যায়, তাহলে দর্শক আমাদের জুটি নিয়ে কোন প্রশ্ন তুলবে না।’ উল্লেখ্য, পপি-নিরব জুটির এই চলচ্চিত্রের বর্তমানে টানা শুটিং চলছে কক্সবাজার ও বান্দরবানে।
