‘বাংলাদেশের প্রয়োজনীয় উন্নয়নের জন্য জৈবপ্রযুক্তির প্রয়োগ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক জৈবপ্রযুক্তি সম্মেলন। আগামী ২৫ ও ২৬ মে দুইদিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে রাজধানীর গুলশান-২ এর ওয়েস্টিন হোটেলে।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলাদেশ সায়েন্স একাডেমী’র সহযোগিতায় বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান ‘কমিটি অফ একশন ফর রিসার্চ এক্সটেনশন এন্ড সার্ভিসেস (সিএআরইএস) আয়োজিত সাংবাদিক সম্মেলনে আয়োজকরা এ তথ্য জানান।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন (সিএআরইএস)-এর চেয়ারম্যান ড. এ মজিদ খান। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ‘সিএআরইএস’-এর নির্বাহী পরিচালক এবি মনজুর রহিম, আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী ও বাংলাদেশ ব্রেস্টফিড ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এস কে রায়, সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ সায়েন্স একাডেমীর ফেলো অধ্যাপক ড. কে এম সুলতানুল আজিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেবা সিরাজ।
ড. এ মজিদ খান বলেন, আন্তর্জাতিক এই সম্মেলনে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ভারত, সিঙ্গাপুর ও থাইল্যান্ড থেকে একাধিক প্রতিনিধি ও প্রায় ৩০০ জন বিজ্ঞানী অংশগ্রহণ করে প্রবন্ধ উপস্থাপন করবেন।
ড. এ মজিদ খান বলেন, এই সম্মেলন থেকে নীতিনির্ধারকরা, বৈজ্ঞানিক জনগোষ্ঠী এবং গবেষকগণ উপকৃত হবেন। জৈবপ্রযুক্তি প্রয়োগের উপকারিতা তখনই একটি জনগণ পাবে যখন এর প্রতি সচেতনতা বৃদ্ধি পাবে, চর্চা হবে এবং উত্সাহিত করা হবে।
