বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে যারা গ্রেফতারের হুমকি দিচ্ছেন, তাদের অবস্থাও হবে ওয়ান-ইলেভেনের ক্রীড়নকদের মত। দুই নেত্রীকে গ্রেফতার করে মাইনাস টু ফর্মুলা দেয়া সেই মইন-ফখরুদ্দীন এখন দেশছাড়া। তারা বিদেশে পালিয়ে গেছেন। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি একথা বলেন। বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানসহ দলের আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে জামালপুর বিএনপি এই মানববন্ধনের আয়োজন করে।
ড. মোশাররফ বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। তাই দিশেহারা হয়ে সরকার পাখির মত মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু ইতিহাস বলে-কোনো অত্যাচারী সরকার টিকে থাকতে পারে না।
বিএনপির এই নেতা আরও বলেন, গ্রেফতার, নির্যাতন ও গুলি চালিয়ে আন্দোলন দমানো যাবে না। জাতীয়তাবাদী সকল শক্তিকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। এই শক্তির সবাইকে জেলে নেয়া হলেও তৌহিদি জনতা তাদের মুক্ত করবে।
