ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আন্ত:মন্ত্রণালয় কমিটির সুপারিশ অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর নেতৃবৃন্দ। বুধবার কাকরাইলের আইডিইবি ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংগঠনটির পক্ষ থেকে সকল প্রশাসনিক পদে প্রফেশনালদের পরিবর্তে জেনারেলিস্টদের নিয়োগ দেয়াসহ ইঞ্জিনিয়ারিং সার্ভিসকে ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভাগ করে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের ডেস্কে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফিল্ডে নিয়োজিত করার দাবি জানানো হয়। এই দাবি আদায়ে মাসব্যাপী আন্দোলনের প্রাথমিক কর্মসূচি ঘোষণা করা হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: শামসুর রহমান। সাংবাদিক সম্মেলনে বলা হয়, ১১ এপ্রিল আইডিইবি ভবনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিবাদ সমাবেশ, কর্মসূচি বাস্তবায়নে রূপরেখা প্রণয়ন ও পদক্ষেপ গ্রহণ, ১১ এপ্রিল প্রতিবাদ সমাবেশ, ১৫ এপ্রিল এক ঘণ্টার কর্মবিরতি, ১৫-২৪ এপ্রিল সকল সার্ভিস এসোসিয়েশনের স্ব-স্ব সংস্থা প্রধানের উদ্যোগে স্থানীয় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান, ৩০ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে পরবর্তীতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
