রাজধানীর রাইফেল স্কয়ারের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে মুহূর্তের মধ্যে প্রাইভেটকার লাপাত্তা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। এ ঘটনায় কারের মালিক পারভেজ আলম চৌধুরী ধানমন্ডি থানায় মামলা করেছেন। তিনি অভিযোগ করেছেন, গাড়ি চুরির ঘটনায় কারপার্কিংয়ের লোকজন জড়িত থাকতে পারে। তবে এ ব্যাপারে পুলিশ বুধবার পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
মামলার অভিযোগে বলা হয়, পারভেজ আলম চৌধুরীর বড় ভাই রাশেদুল আলম চৌধুরী সোমবার রাত ৮টা ২০ মিনিটে কেনাকাটার জন্য ধানমন্ডিস্থ ২ নম্বর রোডস্থ রাইফেল স্কয়ারে (সীমান্ত স্কয়ার) যান। এসময় তার প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো গ-১১-৪৮৫০) নিয়ম অনুয়ায়ী রাইফেল স্কয়ার নিয়ন্ত্রণাধীন এস এস কারপার্কিংয়ে পার্ক করেন। এ জন্য ২০ টাকা দিয়ে রশিদ নেন ( রশিদ নং-১৬৬৩৪)। ৩০ মিনিট পর তিনি কেনাকাটা সেরে এসে দেখেন পার্কিংয়ে গাড়ি নেই। বিষয়টি তিনি নিরাপত্তা কর্মীদের নজরে আনলেও তারা কোন তথ্য দিতে পারেনি।
এ দিকে রাশেদুল আলম চৌধুরী বলেন, প্রাইভেটকারটি সম্পর্কে নিরাপত্তা কর্মীরা কোন ধরনের সহযোগিতা না করে তারা উল্টো তার কাছ থেকে জমারাখা রশিদটি কেড়ে নেয়ার চেষ্টা করেছিল। পরে উপস্থিত লোকজনের কারণে তারা নিতে পারেনি। তিনি আরও বলেন, মামলা করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, সিসিটিভিতে প্রাইভেটকারটি পার্ক করা দৃশ্যটি রয়েছে। এ ব্যাপারে এস এস কার পার্কিং কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, রাইফেল স্কয়ার কারপার্কিংয়ে ঘটনার সময় যারা দায়িত্বে ছিল তাদের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
