নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, হামলা, ভাংচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৮ ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। ১৮জন ছাত্রের মধ্যে একজনকে ক্যাম্পাসে নিষিদ্ধ, ৫ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও ৪ জনকে জরিমানা এবং ৮জনকে সর্তক করা হয়েছে।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর মোঃ মমিনুল হক স্বাক্ষরিত এ আদেশ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে লাগানো হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে নির্দেশনা দেয়া হয়েছে। গত ২০ জানুয়ারি ক্যাম্পাসে ছাত্রলীগ নামধারী দুই গ্রুপের মধ্যে হামলা, সংঘর্ষ, ভাংচুরের ঘটনা ঘটে। পরে তদন্ত কমিটি উক্ত ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির কাছে তাদের রিপোর্ট দাখিল করে। শৃঙ্খলা কমিটি তা রিজেন্ট বোর্ডে সুপারিশ করলে গত ২২ মার্চ এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।
