দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
দশমিনায় প্রতিবাদ করায় উত্ত্যক্তকারীদের ভয়ে ঘর ছাড়া হয়েছে এক স্কুলছাত্রীর পরিবার। এমনকি মেয়েকে উত্ত্যক্ত করার বিচার চাওয়ায় বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্কুলছাত্রী মরিয়মের বাবা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী এলাকার রাজমিস্ত্রি মো. জাহাঙ্গীর।
ছাত্রী মরিয়মের বাবা জাহাঙ্গীর জানান, একই এলাকার মস্তফা, মামুন, মাছুম, রাকিবুলসহ কয়েকজন বখাটে স্কুলে আসা-যাওয়ার পথে মরিয়মকে কু প্রস্তাব দিত এবং উত্ত্যক্ত করত। তিনি (জাহাঙ্গীর) প্রতিবাদ জানিয়ে স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চাইলে বখাটেরা আরো বেপরোয়া হয়ে ওঠে। গত ১ মে রাতে তারা বসতঘরে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় মরিয়মের ভাই ওমর ফারুক দশমিনা থানায় সাধারণ ডায়েরি করলে উত্ত্যক্তকারীরা অব্যাহত হুমকি-ধমকি দিতে থাকায় তারা পালিয়ে দশমিনা উপজেলা সদরে এসে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন।
ইউপি চেয়ারম্যান মহিবুল আলম জানান, ঘটনা জানার পরে তাদের টিন ও টাকা দিয়ে সহায়তা করেছি এবং আইনের অশ্রয় নেওয়ার জন্য বলেছি।
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন জানান, ঘটনাটি সর্বাধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে।
