ভৈরব নদ থেকে কিশোরের লাশ উদ্ধার

আপডেট : ০৬ মে ২০১৯, ২২:১৯

খুলনা অফিস

খুলনায় সোমবার সকালে পায়ে রশি বাঁধা অবস্থায় ভৈরব নদ থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ইয়াসির আরাফাত(১২)। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ফুলতলা থানার ওসি মনিরুল ইসলাম জানান, রবিবার বেলা ১১টার দিকে রাজ ও আরাফাতসহ চার/পাঁচজন কিশোর ভৈরব নদে গোসল করতে যায়। এক পর্যায়ে রাজ আরাফাতের পায়ে রশি বেঁধে দিলে সে পানিতে ডুবে যায়। তবে বিষয়টি তারা গোপন রাখে। পরদিন এলাকাবাসী ফুলতলা উপজেলার খানজাহানপুর গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের বাড়ির পাশের ভৈরব নদে তার বুকে কলাগাছের ছড়া দিয়ে বাঁশ ও পায়ে রশি বাঁধা অবস্থায় লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসা ছাত্র ওমর ফারুক, তাইহিদ ও রাব্বি নামের তিন কিশোরকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের  পর ঘটনার মূল কারণ জানা যাবে।