মহুয়ায় জমেছে আজ মৌ গো ..........

আপডেট : ০৪ এপ্রিল ২০১৩, ২১:৩০
গফরগাঁও(ময়মনসিংহ): বসন্তের ফুল মহুয়ার মাদকতাকে ঘিরে রচিত হয়েছে কত না কবিতা, গান। মহুয়ায় মুগ্ধ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার মহুয়া কাব্যের ভূমিকায় লিখেছেন-“মহুয়া বসন্তের অনুচরণ, আর তার রসের মধ্যে প্রচ্ছন্ন আছে উন্মাদনা”। মহুয়ার মাতাল করা গন্ধে কেবল মানুষই নয়, ছুটে আসে মৌমাছি, প্রজাপতি, বাদুড়, নানা জাতের পাখি। ভালুকেরাও নাকি রাতে এই ফুল খেয়ে মাতাল হয়। প্রকৃতির অপার বিস্ময় এই মহুয়া ফুল এখন আর আগের মতো দেখা যায় না। ব্রহ্মপুত্রের তীরে গফরগাঁও উপজেলার প্রাচীন গ্রাম্যবাজার গাভীশিমুলে রয়েছে দেড়শত বছর বয়সী এক মহুয়া গাছ। প্রতি সন্ধ্যায় সেই গাছে ফোটে অগণিত মহুয়া ফুল। ভোরে সব ঝরে পড়ে। গাছতলের সেই মহুয়া ফুলশয্যায় লুটোপুটি করতে আনচান করে মন।