জাতীয় দলের হয়ে মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। কিন্তু ব্যাটসম্যান, সতীর্থ ও সহকর্মী হিসেবে মাজহারুল হক মৃদুল ছিলেন বাংলাদেশের ক্রিকেটের অতি ঘনিষ্ঠ এক মানুষ। সেই মানুষটির প্রয়াণে ক্রিকেট অঙ্গনে শোক নেমে আসবে সেটাই স্বাভাবিক এবং কাল সেই শোকের ছায়া বেশি করে দেখা গেল নারায়ণগঞ্জে।
মৃদুল গত বুধবার রাতে একেবারে আকস্মিকভাবে মাত্র ৩২ বছর বয়সে ব্যাডমিন্টন খেলা শেষে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান (ইন্নালিল্লাহে... রাজিউন)। গতকাল দুপুরে তার বাড়ির কাছেই চাষাঢ়া বালিজিন্নাত মসজিদ প্রাঙ্গণে এই সাবেক ক্রিকেটার ও ক্রিকেট কর্মকর্তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন সাবেক জাতীয় দল তারকা ও ক্রিকেট বোর্ড কর্মকর্তা গাজী আশরাফ হোসেন লিপু ও জালাল ইউনুস। উপস্থিত ছিলেন মৃদুলেরই একসময়ের সতীর্থ শাহরিয়ার হোসেন বিদ্যুত্, এনামুল হক মনি। লিপু ও জালাল উভয়েই এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে শ্রদ্ধা জানান। জানাজা শেষে মাজদাইর কবরস্থানে দাফন করা হয় মৃদুলকে।
প্রয়াত এই ক্রিকেটার সম্পর্কে সাবেক অধিনায়ক লিপু বলছিলেন, ‘আমরা খুবই শোকাহত এবং বিস্মিত। আমি মৃদুলকে খেলোয়াড়ী জীবনে বেশি পাইনি। পরে ওর অনেক খেলা দেখেছি। এরপর বোর্ডেও সে আমাদের সঙ্গে কাজ করেছে। এতো হাসিখুশি, প্রাণবন্ত একটা ছেলের এতো কম বয়সে চলে যাওয়া খুবই বেদনার ব্যাপার।’
উল্লেখ করা যেতে পারে মৃদুল ২০০২ সালের ১৯ সেপ্টেম্বর শ্রীলংকায় অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে ম্যাচটি খেলেছিলেন। ক্লাব ক্রিকেটের দুর্দান্ত পারফরমার মৃদুল ২৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে দুটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটিসহ করেছেন ১৩১৬ রান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট কমিটির সহকারী ম্যানেজার হিসেবেও ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত মৃদুল অত্যন্ত সফলতার সঙ্গে কাজ করেন।
