স্বপ্নদলের ‘জাদুর প্রদীপ’ মঞ্চায়ন আজ

আপডেট : ০৪ এপ্রিল ২০১৩, ২২:১১
মাস্টার অব মাইম’ খ্যাত মার্সেল মার্সোর ৯০তম জন্মবার্ির্ষকী ও ‘বিশ্ব মূকাভিনয় দিবস’ উপলক্ষে স্বপ্নদলের মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ’-এর বিশেষ প্রদর্শনী মঞ্চায়ন হবে আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে। ‘আরব্য রজনী’র অমর গাঁথা ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ অবলম্ব্বনে নির্মিত এ মাইমোড্রামার কাহিনীর পুনর্বিন্যাস ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এ বিষয়ে সংগঠনটির প্রধান সম্পাদক জাহিদ রিপন বলেন, মূকাভিনয় গুরুখ্যাত শিল্পী মার্সেল মার্সোর ৯০তম জন্মবার্ষিকী ছিল ২২ মার্চ। বিংশ শতাব্দীর আধুনিক মূকাভিনয় চর্চা এবং মার্সোর নাম সমার্থক হয়ে ওঠায় এ দিনটিকেই আন্তর্জাতিকভাবে ‘বিশ্ব মূকাভিনয় দিবস’ হিসেবে পালন করা হয়। মিলনায়তনের অপ্রতুলতায় স্বপ্নদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের মহড়া কক্ষে সেদিন সারা বিশ্বের সঙ্গে তাঁর জন্মদিন পালন করা হয়। ‘বিশ্ব মূকাভিনয় দিবস’ এবং মার্সোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ’-এর বিশেষ প্রদর্শনী ও অন্যান্য আনুষ্ঠানিকতার মাধ্যমে মূকাভিনয় দিবসের অনুষ্ঠান পালন করছে স্বপ্নদল। এ আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন। জাদুর প্রদীপ মাইমোড্রামায় অভিনয় করছেন সুকন্যা, মনির, রেজাউল, আল-আমিন, শাহীন, সোনালী, সামাদ, শিশির, ইমন, রাকিব, শরীফ, মোস্তাফিজ, শাওন, মনি, আলো, মাধুরী, নাবলু, মাসুদ, জাহিদ প্রমুখ।