খিলগাঁও ভুঁইয়াপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ফয়সাল কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পায়। বৃহস্পতিবার রাতে সে রিকশাচালক মোহাম্মদ মুসার ঘরের খোলা জানালায় উঁকি দেয় চুরির মতলবে। এ সময় রিকশাচালক মুসা তাকে চোর বলে গালি দেয়। এতে ক্ষুব্ধ হয় ফয়সাল। এর জের ধরেই ভোরে ফয়সাল ছুরিকাঘাতে হত্যা করে মোহাম্মদ মুসাকে। দাবি নিহত রিকশাচালকের স্বজনদের। এ ঘটনায় খিলগাঁও থানায় ফয়সালকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশ গতকাল পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি।
মোহাম্মদ মুসার শ্বশুর আবুল বাশার জানান, প্রতিদিন খুব ভোরে রিকশা নিয়ে বের হয় মুসা। বৃহস্পতিবার ভোরে নিজ ঘর থেকে বেরিয়ে হাত-মুখ ধুতে বাথরুমের দিকে যাচ্ছিল। এ সময় ওঁত পেতে থাকা সন্ত্রাসী ফয়সাল তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুসাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর ভোর সাড়ে ৫টার দিকে চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন। মোহাম্মদ মুসার গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনায়।
