ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী বলেছেন, আগামীদিনে প্রধানমন্ত্রীত্ব গ্রহণ এবং বিয়ের বিষয়ে যেসব প্রশ্ন আসছে এখন তা অপ্রাসঙ্গিক। ধোঁয়াশাও বটে। গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক সভায় তিনি একথা বলেন। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার। কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভায় রাহুল গান্ধী বলেন, সাংবাদিকরা অনেক সময় প্রশ্ন করেন, আপনি কবে বিয়ে করছেন। কেউ বলেন, বস, আপনি কবে প্রধানমন্ত্রী হচ্ছেন। আবার কেউ বলেন, না আপনি প্রধানমন্ত্রী হচ্ছেন না। অনেকে বলেন, আপনি সম্ভবত প্রধানমন্ত্রী হবেন। এক্ষেত্রে আপনার ভাল সম্ভাবনা আছে। এসব প্রশ্নের জবাবে রাহুল গান্ধী বলেন, এগুলো সবই অপ্রাসঙ্গিক এবং ধোঁয়াশে। এটা হয়তো আমেরিকার নির্বাচনের আগে জরিপের মতো। কিন্তু আমাদের দেশে এটা এখন প্রাসঙ্গিক নয়। প্রাসঙ্গিক হচ্ছে, কীভাবে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারি এবং সমস্যার সমাধান করতে পারি। তিনি আরো বলেন, আমার রাজনীতিতে আসাটা দুর্ঘটনার মতো এবং একটি পরিবারের সঙ্গে ডিএনএ সংযোগ থাকার কারণে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য রাহুল ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে দরিদ্রদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান। একদিন আগে দলের সেক্রেটারি দিগ্বিজয় সিং তাকে দলের উচ্চ পদে আশা করে বলেন, বর্তমানে দল এবং সরকার প্রধান ভিন্ন হওয়ায় কাজ করতে পারছেন না। তবে কংগ্রেস দলের পক্ষ থেকে বুধবার তার এই মন্তব্যকে প্রত্যাখ্যান করা হয়েছে।
