বিএনপি নেতা-কর্মীদের ডাণ্ডাবেড়ি পরানোর প্রশ্নে হাইকোর্টের রুল

আপডেট : ০৪ এপ্রিল ২০১৩, ২২:৫২
পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপি নেতা-কর্মীদের ডাণ্ডাবেড়ি ও হাতকড়া পরিয়ে আদালতে হাজির করার বৈধতার প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট। রুলে ডাণ্ডাবেড়ি ও হাতকড়া পরানো কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট। একইসঙ্গে হাতকড়া ও ডাণ্ডাবেড়ি পরানোর ঘটনায় সরকারের অবস্থান কি তা আদালত জানতে চেয়েছে। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী এ বিষয়ে হাইকোর্টে রিট করেন। আবেদনের পক্ষে আবেদনকারী নিজেই শুনানি করেন। তাকে শুনানিতে সহায়তা করেন অ্যাডভোকেট সালেহউদ্দিন ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ এবং ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় গত ২০ মার্চ বিএনপির অনেক নেতা-কর্মীকে হাতকড়া এবং ডাণ্ডাবেড়ি পরিয়ে নিম্ন আদালতে হাজির করা হয়। এই হাতকড়া ও ডাণ্ডবেড়ি পরিয়ে আদালতে হাজির করা আইন এবং মানবাধিকারের চরম লংঘন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।