সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় নেয়া পদক্ষেপ তিন সপ্তাহের মধ্যে আদালতকে জানাতে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের আইজিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। রিটের পক্ষে সিনিয়র আইনজীবী ড. কামাল হোসেন ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোখলেছুর রহমান শুনানি করেন। এছাড়াও হিন্দু সম্প্রদায়ের ওপর ধারাবাহিক আক্রমণের ঘটনায় বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতা হিসাবে ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ের পর জামায়াত-শিবিরের সমর্থকদের দ্বারা ধর্মীয় কারণে নাগরিকদের ঘর-বাড়ি এবং প্রার্থনার স্থানে হামলার ঘটনা স্বাধীনভাবে তদন্তে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন এবং নাগরিকের অধিকার রক্ষাসহ ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধে যথাযথ দায়িত্ব পালনে বিবাদীদের কেন নির্দেশনা দেয়া হবে না- তাও জানতে চেয়েছে আদালত।
আইন ও সালিস কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী মঞ্চ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য বাসুদেব ধর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মণিন্দ্র কুমার নাথ, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট ও জিয়াউদ্দিন তারিক আলী এ বিষয়ে হাইকোর্টের নির্দেশনা চেয়ে গত মঙ্গলবার এ রিটটি করেন। রিট আবেদনে সংখ্যালঘুদের ওপর হামলা সংশিষ্ট তথ্য তুলে ধরা হয়।
