ইত্তেফাক রিপোর্ট
আগামী ২০১৯-২০ অর্থ বছরের বাজটে আমদানি করা গুঁড়া দুধের ওপর এন্টি ডাম্পিং ট্যাক্স আরোপ ও আমদানি শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশে উন্নীত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন। এছাড়া খামারিদের তরল দুধের ন্যায্য দাম নিশ্চিত করা এবং সঠিক বাজারজাত ব্যবস্থাপনা নিশ্চিত করাসহ ১১ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহ এমরান, মিল্কভিটার এজিএম মোস্তাফিজুর রহমান, জাতীয় ডেইরি উন্নয়ন ফোরামের সভাপতি উম্মে কুলসুম সিনথি প্রমুখ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে ইমরান হোসেন বলেন, খাদ্য সচেতনতা বৃদ্ধির কারণে গরুর দুধের প্রতি চাহিদা বেড়েছে বহুগুণে। ফলে গত ৭ বছরে দুধের উত্পাদন বেড়েছে তিনগুণ। এবং দেশে দুধের চাহিদার প্রায় ৭০ শতাংশ দুধ আমরা নিজেরাই উত্পাদন করি। তাই আমদানি শুল্ক পর্যায়ক্রমে বাড়িয়ে দেশীয় দুগ্ধশিল্পকে প্রণোদনা ও সরকারি সহযোগিতা বৃদ্ধি করাই একমাত্র সহায়ক। দুগ্ধশিল্পের ক্ষেত্রে সরকারি এন্টি ডাম্পিং ট্যাক্স নীতিমালা মেনে চলা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন সভাপতি বলেন, দেশীয় দুগ্ধশিল্পে লাখ লাখ বেকার মানুষের কর্মসংস্থান হয়েছে। এ খাতের উন্নয়ন বাধাগ্রস্ত হলে এ দেশের কৃষি খাতও ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে।
