রমজানে প্রতি কেজি গরুর মাংস ৫২৫ টাকা, খাসি ৭৫০

আপডেট : ০৬ মে ২০১৯, ২২:২৫

ইত্তেফাক রিপোর্ট

চলতি বছর রমজান মাসের জন্য রাজধানীতে মাংসের দাম নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরমধ্যে প্রতি কেজি দেশি গরুর মাংসের দাম সর্বোচ্চ ৫২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গতবারের চেয়ে ৭৫ টাকা বেশি। এছাড়া অন্যান্য মাংসের মধ্যে বোল্ডার গরুর মাংস ৫০০ টাকা, মহিষের মাংস ৪৮০ টাকা, খাসির মাংস ৭৫০ টাকা ও ভেড়ার মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত এই দামে সুপারশপেও মাংস বিক্রি করা হবে।

গতকাল সোমবার নগর ভবনে মাংস ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সাংবাদিকদের এ কথা জানান। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, নির্ধারিত দামের বেশি রাখলে শাস্তি দেওয়া হবে। সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মাংসের এই দর নির্ধারণ করলেও বাজারে এরচেয়ে বেশি দরে মাংস বিক্রি হচ্ছে। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসেবে গতকাল খুচরা বাজারে গরুর মাংস ৫৫০ থেকে ৬০০ টাকা ও খাসির মাংস ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হয়।

গতকাল সভায় ঢাকা মহানগর মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব, সিটি করপোরেশনের কর্মকর্তা, বিভিন্ন সুপারশপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, হাটের ইজারাদারদের বেশি খাজনা আদায়ের কারণে মাংসের দাম বেড়ে যায়। গাবতলী হাটের ইজারাদাররা ১০০ টাকা খাজনা এক হাজার টাকাও রাখেন। ফলে সিটি করপোরেশনের নির্ধারিত দামে মাংস বিক্রি করা কঠিন হয়ে যায়। এ ব্যাপারে সিটি করপোরেশন নজর দিলে মাংসের দাম কমে যাবে।