ইত্তেফাক রিপোর্ট
বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্পন্সরে বা বিজ্ঞাপন নিয়ে দেশের বেসরকারি টিভি চ্যানেলগুলোর সংবাদ প্রচারের উপর নিষেধাজ্ঞা দিয়ে এক রায় ঘোষণা করেছে হাইকোর্ট। এক রিট আবেদনের রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাংক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এ রায় দেন। আগামী পহেলা সেপ্টেম্বর থেকে এ রায় মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার মাসুদ আহমেদ সায়ীদ। তিনি বলেন, যেসব প্রতিষ্ঠানের স্পন্সরে টিভি চ্যানেলগুলোর সংবাদ প্রচারিত হয় সেসব প্রতিষ্ঠানের অনিয়মের কোনো খবর প্রচার করা হয় না। এ কারণে টিভি চ্যানেগুলোর সংবাদে স্বচ্ছতা নেই।
বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্পন্সর বা বিজ্ঞাপন নিয়ে সংবাদ প্রচার করা হলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়-এমন অভিযোগে ২০১১ সালে হাইকোর্টে রিট করেন এমএ মতিন নামে এক স্কুল শিক্ষক। তার মৃত্যুর পর ফারুক মো. হাসিব নামের একজন ব্যবসায়ী রিটে পক্ষভুক্ত হন। ওই রিটের রুলের উপর চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট গতকাল এ রায় দেয়। আদালতে রিটের পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ সায়ীদ, শেখ তাহাসান আলী ও নাসরিন আক্তার, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস ও চ্যানেল ২৪ এর পক্ষে আসাদুল ইসলাম শুনানি করেন।
