গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের গলনা আদর্শপাড়া চরের হতদরিদ্র নারীদের প্রচেষ্টায় গড়ে উঠেছে মিনি গার্মেন্টস। অধিকাংশ নারী অশিক্ষিত, অবহেলিত ও নির্যাতিত। তারাই তৈরি করছেন বাচ্চাদের প্যান্ট, জামা, পেটিকোট, ব্লাউজসহ বাচ্চাদের বিভিন্ন পোশাক। একেকজন নারী গার্মেন্টসে কাজ করে দৈনিক ১৭৫ থেকে ২০০ টাকা পর্যন্ত আয় করছে।
এই চরের নারীদের উন্নয়নের লক্ষ্যে অক্সফ্যামের আর্থিক সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশন ২০১০ সালের সেপ্টেম্বর থেকে রি-কল প্রকল্পের কাজ শুরু করে। প্রকল্পের মাধ্যমে গ্রামের প্রত্যেক পরিবার প্রধানের সমন্বয়ে গ্রাম ভিত্তিক সংগঠন ও পরে শুধু নারীদের নিয়ে নারী ফোরাম গঠন করা হয়। নারীদের সচেতনতা বৃদ্ধির জন্য নেতৃত্বের উন্নয়ন, নারী অধিকার ও বাস্তবায়নের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। ২০১৩ সালের জানুয়ারি মাসে নারীদের আয় বৃদ্ধির লক্ষ্যে গলনার চরের ২৫ জন নারীকে ১৬ দিন ব্যাপী মিনি গার্মেন্টসে এর দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। পরে ২০ সদস্যের সমন্বয়ে গঠন করা হয় “গলনা মিনি গার্মেন্টস সমবায় সমিতি”। সাংগঠনিক উন্নয়নের জন্য বার্ষিক কর্ম পরিকল্পনা এবং নিজেদের তৈরিকৃত বাচ্চাদের প্যান্ট, জামা, পেটিকোট, ব্লাউজ, ফোরক ও অন্যান্য প্রয়োজনীয় গার্মেন্টস সামগ্রী বিক্রয়ের জন্য বাজার সম্প্রসারণ পরিকল্পনা তৈরিতে সহায়তাসহ সেলাই উপকরণ যেমন- সুতা, কাঁচি, বোতাম, বক্রম, কাপড় এবং সেলাই মেশিন ক্রয়ের জন্য ১৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত হতদরিদ্র নারীকে প্রকল্পের মাধ্যমে প্রতিজনকে ১৮ হাজার করে সর্বমোট ২ লক্ষ ৮৮ হাজার টাকা বিতরণ করা হয়। শুরু হয় মিনি গার্মেন্টস এর প্রডাকশন। গার্মেন্টসে তৈরিকৃত বিভিন্ন পোশাক বিক্রয়ের জন্য রি-কল প্রকল্পের সহযোগিতায় ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সমঝোতা কর্মশালার আয়োজন করা হয়। ওই কর্মশালার মধ্য দিয়ে বিক্রয় কার্যক্রমও শুরু হয়ে যায়। গাইবান্ধার ফুলছড়ি, সাঘাটা, বাদিয়াখালী, ভরতখালী বাজারসহ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ বাজারে এই গার্মেন্টস সামগ্রী বিক্রয় করা হচ্ছে। পণ্যের গুণগত মান সন্তোষজনক হওয়ায় বাজারে এর চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। ফলে চরের হতদরিদ্র নারীদের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে।
গজারিয়া ইউনিয়নের চর গলনা মিনি গার্মেন্টস সমবায় সমিতির সভাপতি রাশেদা বেগম বলেন, একজন নারী গার্মেন্টসে কাজ করে প্রতিদিন মজুরি পাচ্ছে ১৭৫ থেকে ২০০ টাকা। রি-কল প্রকল্পের সমন্বয়কারী ওসমান গনি জানান, গলনার চরের ১৬টি পরিবারে প্রায় ৭৫ জনের জীবিকা উন্নয়নে এই অর্থ ভূমিকা রাখছে। উপজেলার গজারিয়া ইউপি চেয়ারম্যান মনোতোষ রায় মিন্টু সমকালকে বলেন, এসকেএস রি-কল প্রকল্পের সহযোগিতায় প্রতিষ্ঠিত গলনার চরের মিনি গার্মেন্টস দরিদ্র নারীদের অর্থনৈতিক বাস্তবায়নকে ত্বরান্বিত করবে। পাশাপাশি নারী নেতৃত্বের বিকাশ ঘটাবে।
