স্পোর্টস ডেস্ক
তাকে মনে করা হত ইমরান খানের পর সম্ভাব্য সবচেয়ে যোগ্য পাকিস্তানি অধিনায়ক। কিন্তু নানা সংকটে পড়ে অধিনায়কত্বটা দীর্ঘমেয়াদে কখনো করা হয়নি। তাই বলে ইউনিস খানের মেধা নিয়ে তো দুনিয়ায় কারো সংশয় নেই। সেই মেধাটা এখনই অন্য ভূমিকায় কাজে লেগে যেতে পারে। যদিও এখনও ক্রিকেট খেলা ছাড়ার কোনো ইঙ্গিতই দেননি এই মিডল অর্ডার ব্যাটসম্যান। কিন্তু এখনই দেশটির ভবিষ্যত্ ওয়ানডে দলের কোচ হিসাবে তার নাম ভাবা হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডেরই একটি সূত্র এই খবর জানাচ্ছে।
ইউনিস খানের ওয়ানডে ক্যারিয়ার কম-বেশি শেষই বলা যায় এবং ভবিষ্যতে জাতীয় দলের কোচিং স্টাফ হিসাবে এ সিনিয়র ব্যাটসম্যানকে দেখা যেতে পারে বলে জানিয়েছে একটি সূত্র। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ৩০ সদস্যের সম্ভাব্য দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ইউনিস খান। তবে টেস্ট ক্রিকেটে তাকে দলে রাখতে চায় টিম ম্যানেজমেন্ট।
একটি সূত্র জানায়, ‘মজার বিষয় হচ্ছে দলের সহকারী কোচ অথবা ব্যাটিং কোচ হিসাবে ইউনিসকে নিয়োগ দেয়ার বিষয়ে আলোচনা চলছে।’
সূত্রটি আরো দাবি করছে, ‘আরো কয়েক বছর টেস্ট ক্রিকেটে ইউনিসকে বড় ভূমিকা পালন করতে হবে— এ বিষয়ে বোর্ড ও নির্বাচকদের কোন সন্দেহ নেই। কিন্তু তাকে দলের সহকারী কোচ অথবা ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ দিয়ে তার অভিজ্ঞতা কাজে লাগানোর চিন্তা-ভাবনাও করছে তারা।’
সূত্র জানায়, বোর্ডের সবচেয়ে সিনিয়র ইন্তিখাব আলম সম্ভাব্য দল চূড়ান্ত করার দিন ইউনিসের সঙ্গে আলোচনা করেছেন। একটি সূত্র জানায়, ‘নির্বাচকদের সিদ্ধান্তের বিষয়ে ইউনিসকে জানিয়েছেন ইন্তিখাব। তবে তিনি হতাশ নন এবং বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে জানিয়েছেন। যেহেতু তিনি এনার্জিটিক, ফিট এবং অন্য খেলোয়াড়রা তাকে শ্রদ্ধা করে তাই দলের কোচিং এসাইনমেন্ট দেয়ার জন্য ইউনিস সঠিক ব্যক্তি বলে বোর্ড ও টিম ম্যানেজমেন্টের সবাই মনে করছেন।’
আরেকটি সূত্র জানিয়েছেন, ‘তার টেস্ট ক্যারিয়টার বিবেচনা ছাড়া ইউনিসকে অতিরিক্ত এই দায়িত্ব দেয়ার পক্ষেই টিম ম্যানেজমেন্ট। ২০১৪ সালের মার্চের পর বর্তমান হেউ কোচ ডেভ হোয়াটমোরের চুক্তি নবায়ন করা হবে না। তাই সে সময় ইউনিসকে দায়িত্ব দেয়ার বিষয়টিও মাথায় রাখছে টিম ম্যানেজমেন্ট।’
প্রধান নির্বাচক ইকবাল কাশিম বলেছেন, ইউনিসকে বাদ দেয়াটা ছিল একটি কঠিন সিদ্ধান্ত। তিনি বলেন, ‘তিনি একজন সম্মানিত খেলোয়াড় এবং চমত্কারভাবে দেশকে সেবা দিয়েছেন। দুর্বল পারফরমেন্সের কারণে আমরা তাকে বাদ দিয়েছি।
তবে তিনি যদি এখনো ওয়ানডে ক্রিকেট খেলতে চান তাহলে আগে তাকে ঘরোয়া ক্রিকেট খেলেই আবার বিবেচনায় আসতে হবে।’ -বাসস
