আগামী বছর ভারতের সঙ্গেও সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হবে

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২১:৫৪
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে বাংলাদেশ সম্প্রতি ১ লাখ ১১ হাজার বর্গকিলোমিটার সমুদ্র এলাকার সার্বভৌমত্ব লাভ করেছে। মিয়ানমারের সাথে সমুদ্রসীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি আমাদের সাহস বাড়িয়ে দিয়েছে। আগামী বছরের মধ্যে ভারতের সাথেও সমুদ্রসীমা নিয়ে যে বিরোধ রয়েছে তা নিষ্পত্তি হবে বলে আশা করছি। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সমুদ্র বিজ্ঞান বিষয়ে মৌলিক গবেষণা পরিচালনার লক্ষ্যে শিগগিরই কক্সবাজারের রামুতে জাতীয় সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে সমুদ্র বিজ্ঞান বিভাগ চালু করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সমুদ্র বিজ্ঞান বিভাগের আধুনিকায়ন ও উন্নয়নে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এজন্য ইতিমধ্যেই ফ্রান্স ও জাপান সরকারের সঙ্গে আলোচনা করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন জাতীয় উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। যুগোপযোগী শিক্ষা প্রদান, দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং গবেষণার উন্নয়নে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমুদ্র বিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে। সমুদ্র সম্পদ আহরণের পাশাপাশি দেশের সমুদ্রসীমার মনিটরিং ব্যবস্থা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক এএসএম মাকসুদ কামাল এবং জনতা ব্যাংক লিমিটেডের সিইও এন্ড ব্যবস্থাপনা পরিচালক এসএম আমিনুর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন সমুদ্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কাউসার আহম্মদ। এ সময় জাপানের রাষ্ট্রদূত সাদো সিরোশিমা, রাশিয়ার রাষ্ট্রদূত মিশেল ট্রাংকুইয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় সমুদ্র বিজ্ঞান বিভাগ থেকে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, নৌবাহিনীর সাবেক প্রধান রিয়াল এ্যাডমিরাল (অব.) এম এইচ খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রিয়াল এ্যাডমিরাল (অব.) মো. খোরশেদ আলমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সিএসআর প্রকল্পের আওতায় জনতা ব্যাংক লিমিটেড ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবপ্রতিষ্ঠিত সমুদ্র বিজ্ঞান বিভাগের উন্নয়নে আর্থিক অনুদান প্রদান করেছে। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে জনতা ব্যাংক লিমিটেডের পক্ষে ব্যাংকের সিইও এন্ড ব্যবস্থাপনা পরিচালক এসএম আমিনুর রহমান অনুদানের প্রথম কিস্তি ১ কোটি ৯০ লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে হস্তান্তর করেন।