আগামী অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন

স্পিকার-সিইসি বৈঠক ৯ এপ্রিল

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২১:৫৪
দেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদের দায়িত্বপ্রাপ্ত স্পিকার শওকত আলী ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল। জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের কার্যালয়ে বিকাল ৪টায় এ বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। বৈঠকের পর তফসিল ঘোষণা করবে ইসি। এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ ইত্তেফাককে বলেন, আগামী ৯ এপ্রিল বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে এ বিষয়ে বসতে পারেন। বৈঠকের বিষয়ে ইতিমধ্যে যোগাযোগ হয়েছে। এরপর তফসিলের বিষয়ে আলোচনা করা হবে। গত ২০ মার্চ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সিঙ্গাপুরে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। ওই দিনই মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ এডভোকেটকে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি থেকে অস্থায়ী রাষ্ট্রপতি করা হয়। বর্তমানে রাষ্ট্রপতি পদটি শূন্য থাকায় রাষ্ট্রপতি নির্বাচন আগামী ১৮ জুনের মধ্যে করতে হবে। ইতিমধ্যে জাতীয় সংসদের ১৭তম অধিবেশন আহ্বান করা হয়েছে। আগামী ২১ এপ্রিল বিকেল ৪টায় এ অধিবেশন শুরু হবে। এ অধিবেশনেই নির্বাচন করা হবে দেশের ২০তম রাষ্ট্রপতি।