ঢাকায় আজকের লংমার্চ কর্মসূচির কারণে গতকাল শুক্রবার পিরোজপুর থেকে রকেট-ষ্টিমার, লঞ্চ ও বাস ছেড়ে যেতে দেয়া হয়নি। সকাল থেকে পিরোজপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, কাউখালী, স্বরূপকাঠি ও নাজিরপুর থেকে যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা বন্ধ রাখে। যাত্রীবাহী লঞ্চ টিপু-৪ ভান্ডারিয়ায় আটকে দেয়া হয় তবে টিপু-৬ হুলারহাট থেকে ছেড়ে যাত্রীসহ ঢাকার পথে ছিল। এদিকে বিআইডব্লিউটিসি’র রকেট স্টিমার পিএস টার্ণ মোড়েলগঞ্জ থেকে ছেড়ে বিকালে হুলারহাট ঘাটে আসলে পুলিশ আটকে দেয়। এ সময় মোড়েলগঞ্জ, বড়মাছুয়া, চরখালী ও হুলারহাট থেকে ঢাকাগামী শত শত যাত্রী নারী-পুরুষ-শিশু বিপাকে পড়ে। স্টিমার স্টাফরা যাত্রীদের জানায়, জাহাজ বিকল হয়ে যাওয়ায় তারা আজ ঢাকা যাবে না। এতে আগের স্টেশন গুলি থেকে আরোহিত যাত্রীরা ভোগান্তিতে পড়ে। নারী ও শিশুরা দুর্ভোগের শিকার হয়। কর্তৃপক্ষ হুলারহাট থেকে ঢাকা-বরিশালসহ পরবর্তী গন্তব্যের স্টিমার ভাড়া যাত্রীদেরকে ফেরত দিয়ে দেয়। এছাড়া পিরোজপুর জেলার অভ্যন্তরীণ রুট গুলোতেও বাস চলাচল বন্ধ ছিল।
