পায়ে লিখে জিপিএ-৫ পেল তামান্না

আপডেট : ০৬ মে ২০১৯, ২২:৪৫

দুই হাত নেই। আছে একটিমাত্র পা। সেই পা দিয়ে লিখেই এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে তামান্না আক্তার নূরা। একটিমাত্র পা নিয়েই সংগ্রাম করে আসা তামান্না ঝিকরগাছা উপজেলার বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তামান্নার বাবা একই উপজেলার বাঁকড়া ইউপির আলিপুর গ্রামের রওশন আলী ও মা খাদিজা পারভিন শিল্পী। তামান্নার বাবা জানান, জিপিএ-৫ পেলেও বাংলায় এ গ্রেড হওয়ায় তামান্নার মন একটু খারাপ। তারপরও সার্বিক ফলাফলে আমরা খুশি। একটি পা নিয়ে মেয়েটি সংগ্রাম করে এতদূর এসেছে। তবে মেয়ের ফলাফলে খুশি হলেও দুশ্চিন্তার অন্ত নেই বাবা রওশন আলীর মনে। কারণ মেয়ের স্বপ্ন পূরণ করতে হলে তাকে কলেজে ভর্তি করতে হবে। কিন্তু গ্রামে তেমন ভালো কলেজ নেই। মেয়েটিকে একটি ভালো কলেজে দিতে গেলে সেখানে রাখতে হবে। কিন্তু তার সঙ্গে কাউকে না কাউকে থাকতে হবে। আর এই ব্যয় বহন করে কীভাবে মেয়ের লেখাপড়া করাবেন তা জানেন না নন-এমপিও একটি মাদ্রাসার এই শিক্ষক। তিনি বলেন, মেয়ের স্বপ্ন ডাক্তার হওয়ার। কিন্তু তাকে বুঝিয়েছি, তুমি শারীরিকভাবে পরিপূর্ণ নও। মেডিক্যালে পড়তে গেলে ব্যবহারিক অনেক কাজ থাকে। তাই মেয়েটি এখন লেখাপড়া শেষ করে বিসিএস ক্যাডার হতে চায়। তবে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মেয়ের স্বপ্ন পূরণের চেষ্টা করব। তামান্না জেএসসিতেও জিপিএ-৫ পেয়েছিল।