বরিশাল শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৭ দশমিক ৪১ শতাংশ। গত বছরের ন্যায় পাসের হারে এবং জিপিএ-৫ অর্জনে এবারও মেয়েরা এগিয়ে। এ বছর মেয়েদের পাসের হার ৭৪ দশমিক ৪১ ও ছেলেদের পাসের হার ৮০ দশমিক ৩৩ শতাংশ। মেয়েরা ২ হাজার ২১৭টি জিপিএ-৫ পেয়েছে। ছেলেরা ১ হাজার ৯৭২টি জিপিএ-৫ পেয়েছে। বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কক্ষে গতকাল সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম।
এদিকে একজনও শিক্ষার্থী পাস করেনি দুইটি প্রতিষ্ঠান থেকে। ভোলার চরফ্যাশনের শশীভূষণ গার্লস হাই স্কুল থেকে ৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করেনি এবং পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার চরগঙ্গা আদর্শ সেকেন্ডারি স্কুল থেকে ৪৩ শিক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করেছে। অপরদিকে বরিশাল বোর্ডে ১ হাজার ৪২৭টি বিদ্যালয়ের মধ্যে ৫০টি বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীরা পাস করেছে। যারমধ্যে পিরোজপুর জেলায় সর্বোচ্চ ১৮টি, বরিশাল জেলায় ১৬টি, ভোলায় ৭টি, বরগুনায় ৫টি ও পটুয়াখালীতে ৪টি বিদ্যালয় রয়েছে।
প্রতি বছরের ন্যায় এ বছরও বরিশাল বোর্ডের অধীন শীর্ষস্থান ধরে রেখেছে বরিশাল ক্যাটেড কলেজ। অধ্যক্ষ কর্নেল কাজী আনিসুজ্জামান জানান, ৫২ জন ক্যাডেট পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই জিপিএ-৫ পেয়েছে।
