যুক্তরাষ্ট্রের ওয়্যারলেস অ্যাসোসিয়েশন সিটিআইএ আয়োজিত ইমার্জিং টেকনোলজি (ই-টেক) অ্যাওয়ার্ড ২০১৩ প্রতিযোগিতায় বিচারক হিসেবে সিটিআইএ কর্তৃক মনোনীত হয়েছেন তরুণ আইটি সাংবাদিক এবং দৈনিক ইত্তেফাক-এর তথ্যপ্রযুক্তি বিভাগের বিভাগীয় সম্পাদক মোজাহেদুল ইসলাম। প্রতিযোগিতায় ‘নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার: ইন-বিল্ডিং ওয়্যারলেস: স্মল সেল, ওয়াই-ফাই, ল্যান’ ক্যাটাগরির প্রতিযোগীদের বিচার করবেন তিনি। বাংলাদেশ থেকে একমাত্র তিনিই নির্বাচিত হয়েছেন এই প্রতিযোগিতার বিচারক হিসেবে। ১ এপ্রিল থেকেই চলছে এই প্রতিযোগিতার অনলাইন বিচার কার্যক্রম, যা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। প্রতিযোগিতায় ওয়্যারলেস এন্টারপ্রাইজ টেকনোলজি, অবকাঠামো এবং মোবাইল অ্যাপস বিষয়ে ১৭টি ক্যাটাগরিতে টেলিকম ও ওয়্যারলেস পণ্য ও সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করা হবে। অনলাইন বিচার কার্যক্রম শেষে ফাইনালিস্টদের তালিকা ঘোষণা করা হবে। আগামী ২১ থেকে ২৩ মে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের স্যান্ড এক্সপো অ্যান্ড কনভেনশন সেন্টারে সিটিআইএ’র আয়োজনে অনুষ্ঠিত হবে বিশ্বের অন্যতম বৃহত্ ওয়্যারলেস প্রযুক্তি, সেবা ও পণ্যের প্রদর্শনী ‘সিটিআইএ ২০১৩- দ্য মোবাইল মার্কেটপ্লেস’। এই আয়োজনেই ২২ মে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
