সংবাদ সংগ্রহ করার সময় রাজধানীর বিজয়নগর এলাকায় হামলার শিকার হয়েছেন একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাদিরা শারমিন। জানা গেছে, পুরুষদের মধ্যে নারী রিপোর্টার কেন? -এমন প্রশ্ন তুলে হেফাজতে ইসলামের কর্মীরা নাদিরাকে পেটাতে পেটাতে দিগন্ত টিভির কার্যালয়ের সামনে নিয়ে যায়। পরে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার বিকালে হেফাজতে ইসলামের সমাবেশ শেষে এই হামলার ঘটনা ঘটে। নাদিরা ছাড়াও গতকাল কাছাকাছি সময়ে রাজধানীতে হেফাজত কর্মীদের হামলায় আরো ৭ সংবাদকর্মী আহত হয়েছেন।
আহতরা জানান, দায়িত্ব পালনের সময় হেফাজত কর্মীরা প্রথমে সাংবাদিকদের ‘দালাল-নাস্তিক’ আখ্যায়িত করে গালিগালাজ করে। এক পর্যায়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হেফাজত কর্মীরা বিকালে প্রেসক্লাবের সামনে গিয়ে বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বিশেষ করে টিভি চ্যানেল ও ফটো সাংবাদিকদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পরে এক ফটো সাংবাদিককে মারধর করেন। এদিকে সমাবেশ চলাকালে হেফাজত কর্মীদের হামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রিপোর্টার ফয়জুল সিদ্দিকী ও ফ্রিল্যান্স ফটো সাংবাদিক নজরুল ইসলামসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।
