ইত্তেফাক ডেস্ক
বাগেরহাটের সুন্দরবনে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন বনদস্যু ও কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত রবিবার রাতে ও গতকাল সোমবার এ ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর-
বাগেরহাট : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরপুটিয়া এলাকার খুন্তাকোদালিয়া খালে গতকাল র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু রানা বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এসময় র্যাবের দুইজন সদস্য আহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহত বনদস্যু ও র্যাব সদস্যদের নাম পরিচয় পাওয়া যায়নি। র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর মো. শামীম সরকার জানান, র্যাব অভিযান শুরু করলে সুন্দরবনের ভিতরে লুকিয়ে থাকা বনদস্যুরা র্যাবের উপর গুলিবর্ষণ করে। র্যাবও পাল্টা গুলি চালালে বনদস্যুরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি করে তিন বনদস্যু, ৪টি আগ্নেয়াস্ত্র, একটি নৌকা ও বিপুলসংখ্যক গোলাবারুদ উদ্ধার করা হয়।
টেকনাফ (কক্সবাজার) : আটক দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে নিয়ে টেকনাফ মডেল থানা পুলিশ অভিযানে গেলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওই দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহতরা হলেন, নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আলম ও জাদিমোরা ক্যাম্পের মোহাম্মদ রফিক। জানা যায়, রবিবার টেকনাফ মডেল থানা পুলিশ আটককৃতদের নিয়ে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে যায়। এসময় আটককৃতদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে মাদক ব্যবসায়ীর সহযোগীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ২টি দেশীয় অস্ত্র, ৭ রাউন্ড কার্তুজ, ২ হাজার ২শ পিস ইয়াবা ও নগদ ৬ লাখ ৫৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
