শীর্ষ চারে চোখ চেলসির

আপডেট : ০৬ এপ্রিল ২০১৩, ২২:২১
ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তারা পিছিয়ে আছে ২২ পয়েন্টে। দুদলই খেলেছে ৩০টি করে ম্যাচ। তাই এই মৌসুমে আর শিরোপার স্বপ্ন দেখছে না লন্ডনের ক্লাব চেলসি। শীর্ষ চারে থেকেই এবারের লিগ শেষ করতে চায় তারা। আজ স্যান্ডারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে এমনটাই জানালেন দলটির মধ্য মাঠের তারকা হুয়ান মাতা। গত মৌসুমে বব্লুজরা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার পাশাপাশি জয় করে এফএ কাপের শিরোপা। তবে সেবার লিগে তারা ষষ্ঠ অবস্থানে থেকেই সন্তুষ্ট থাকতে হয় তাদের। এই মৌসুমের শুরুতেই তাদের চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়তে হয়। এখন লড়ছে এফএ কাপ ও ইউরোপা লিগের শিরোপার জন্য। ইংলিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাত্কারে স্প্যানিশ জাতীয় ফুটবল দলের তারকা মাতা জানান, নিজেদের চতুর্থ স্থান ধরে রাখতে মরিয়া তার দল। মাতা জানান, তার দলের মূল লক্ষ্য আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে স্থান করে নেয়া, ‘গত মৌসুমে আমরা ষষ্ঠ স্থানে ছিলাম, আর এবার যদি আমরা চতুর্থ স্থানে থেকে শেষ করতে পারি তাহলে নিঃসন্দেহে বলা যায় আমরা গতবারের চেয়ে এবার ভাল ফুটবল খেলতে পেরেছি। আগের ভুলগুলো থেকে আমরা শিক্ষা নিয়েছি আর এবার আমরা কোন ভুল করতে চাই না। আর সামনের মৌসুমে যে করেই হোক আমাদের চ্যাম্পিয়ন্স লিগে খেলতেই হবে।’ চতুর্থ স্থানে টিকে থাকার লড়াইয়ে আজ নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির প্রতিপক্ষ স্যান্ডারল্যান্ড। স্যান্ডারল্যান্ড আজ নতুন কোচ ডি ক্যানিওর অধীনে প্রথমবারের মতো মাঠে নামছে। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকানোর পর ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে দারুণ এক জয় নিয়ে মাঠ ছেড়েছে চেলসি। তবে শেষ লিগ ম্যাচে তারা ২-১ ব্যবধানে হেরেছে সাউদাম্পটন ইউনাইটেডের বিপক্ষে। তাই ৩১ ম্যাচে ৩১ পয়েন্ট পাওয়া স্যান্ডারল্যান্ডের বিপক্ষেও বেশ চাপ নিয়ে আজ লড়তে হবে স্প্যানিশ কোচ রাফায়েল বেনিতেজকে। শেষ ম্যাচে দুটি গোল করলেও এই ম্যাচে ফার্নান্দো তোরেসের পরিবর্তে অপর স্ট্রাইকার ডেম্বা বার ওপরই আস্থা রাখছেন কোচ; এমনটা আগেই জানা গিয়েছিল। আজ রাতে অনুষ্ঠিত হবে আরো চারটি ম্যাচ। পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে থাকা লিভারপুল মুখোমুখি হবে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে। দলের অন্যতম মূল তারকা গ্যারেথ বেলের ইনজুরির কারণে তাকে ছাড়াই খেলবে টটেনহ্যাম হটস্পার। তাদের প্রতিপক্ষ ৩০ ম্যাচে ৫১ পয়েন্ট পাওয়া এভারটন। ৩১ ম্যাচ ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলে স্পার্টসদের অবস্থান তৃতীয়। অপর দুটি ম্যাচে খেলবে নিউক্যাসল ইউনাইটেড- ফুলহ্যাম, কুইন্স পার্ক রেঞ্জার্স-উইগ্যান অ্যাথলেটিক।