স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরে আওয়ামী লীগ নেতার গুদাম থেকে টিসিবির এক ট্রাক খাদ্যপণ্য ও মালামাল আটক করা হয়েছে। গতকাল সোমবার ভোরে রংপুরের নব্দীগঞ্জ এলাকার ওই গুদামে পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার ফাউজুর কবিরের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এই মালামাল আটক করে। আটক পণ্যের মধ্যে রয়েছে- ৭৯৬ লিটার সয়াবিন তেল, চিনি ৫০০ কেজি, ছোলা ৪০০ কেজি ও ৩০০ কেজি মশুরের ডাল।
গুদামের মালিক পীরগাছার কল্যাণী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব হাজী ওরফে ভাটা সোহরাব। এ ঘটনায় তার জামাতা রুহুল আমিন ও বড় ছেলে শফিকুল ইসলামকে প্রথমে আটক করা হয়েছিল। পরে শফিককে ছেড়ে দেওয়া হয়। পুলিশ বাদী হয়ে ওই আওয়ামী লীগ নেতার অপর দুই পুত্র রফিক উদ্দিন ও নূরে এলাহী সোহেল এবং জামাতা রুহল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
মাহিগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানান, আমরা মূল আসামি সোহরাব হাজীর জামাতা রুহুল আমিনকে গ্রেফতার করেছি। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
টিসিবির রংপুর আঞ্চলিক কর্মকর্তা সুজাউদ্দৌলা সরকার বলেন, মামলার কপি হাতে পেলে সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিল করা হবে। এছাড়া টিসিবি’র পণ্য যাতে কেউ মজুদ করতে না পারে সেজন্য কঠোর মনিটরিং করা হচ্ছে। আটককৃতরা এই মালামালগুলো কোথায় পেয়েছেন, তা জানার চেষ্টা চলছে।
টিসিবি রমজান মাসসহ বছরের বিভিন্ন সময়ে নানা ধরনের খাদ্যপণ্য সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে বিক্রি করে থাকে। কিন্তু টিসিবির ডিলার সোহেল অভিযুক্তদের সঙ্গে যোগসাজশ করে টিসিবির পণ্য গুদামে মজুদ করে তা বাজারে বেশি দামে বিক্রি করতো। গতকাল মালামালগুলো ট্রাকে করে পাচারের প্রক্রিয়া চলছিল।
