চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত শিশু

আপডেট : ০৬ মে ২০১৯, ২২:৪৬

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী থেকে ঢাকাগামী চলন্ত পদ্মা আন্তঃনগর ট্রেনে পাথর ছুড়ে মারায় ঈশান নামে এক শিশু যাত্রী গুরুতর আহত হয়েছে। ট্রেনটি জামতৈল স্টেশন ছাড়ার পর লাইনের পাশ থেকে কে বা কারা পাথর ছুড়ে। এতে শিশুটি গুরুতর আহত হয়ে বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেকে) ভর্তি রয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, গত একমাসে রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী ট্রেনে ১৭টি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় জড়িত কাউকে এখনো আটক হয়নি।

শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, চলন্ত ট্রেনে মাথায় পাথরের আঘাতের পর ট্রেনটি ক্যাপ্টেন মনসুর আলী স্টেশনে পৌঁছালে শিশুটিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শিশুটিকে দ্রুত রামেকে ভর্তি করে রাতেই তার মাথায় অস্ত্রপচার করা হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার খন্দকার শহিদুল ইসলাম গতকাল দুপুরে আহত শিশুটিকে দেখতে রামেক হাসপাতালে যান এবং তার চিকিত্সার বিষয়ে খোঁজখবর নেন। এসময় জিএম হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের বলেন, রাজশাহী-ঢাকা-রাজশাহী পথে পাথর নিক্ষেপের ঘটনা বেড়েছে। ট্রেন চলাকালীন দায়িত্বরতদের ট্রেনের জানালা বন্ধ রাখার বাধ্যতামূলক নির্দেশ জারি করা হয়েছে। পাশাপাশি পাথর নিক্ষেপের মাধ্যমে জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের অনিষ্টকারী দুর্বৃত্তদের শিগগিরই চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে রেলওয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।