দেশের চলমান সহিংস পরিস্থিতি আগামী দু-চার দিনের মধ্যে উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, দেশ থেকে হরতাল বিদায় হবে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে ইআরডি সম্মেলন কক্ষে সফররত ভিয়েতনামের প্রতিনিধিদলের সাথে বাংলাদেশের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) দুই দিনব্যাপী বৈঠকের উদ্বোধন শেষে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।
হরতালে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু গতকালের হরতালে সরকার মৌন সম্মতি দিয়েছে এমন অভিযোগ করা হলে সাংবাদিকদের তিনি বলেন, আমি আগেও বলেছি এখনো বলছি দেশ থেকে হরতাল বিদায় হবে। আর আগামী দু-চার দিনের মধ্যে বর্তমান পরিস্থিতিরও উন্নতি হবে।
বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের সম্পর্ক উন্নয়নে এটি নিয়মিত বৈঠক। দুইদিনের বৈঠক পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. আবুল কালাম আজাদসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
