কুষ্টিয়া প্রতিনিধি
জেলা পুলিশের আহ্বানে সাড়া দিয়ে দুইশ ২২ মাদক কারবারি পুলিশের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার শপথ গ্রহণ করেছেন। গতকাল সোমবার কুষ্টিয়া স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এ শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা মতে ‘জিরো টলারেন্স’ ও যেকোনো মূল্যে মাদক নির্মূল করতে হবে। সীমান্ত পেরিয়ে যেন দেশে মাদক আসতে না পারে সেজন্য বিজিবি, কোস্টগার্ড, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে নজরদারি বৃদ্ধিসহ কঠোর হাতে দমনের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের মাটিতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিদের কোনো ঠাঁই নেই।
আইজিপি ড. জাবেদ পাটোয়ারী বলেন, এককালের সন্ত্রাস, মাদক ও চরমপন্থিদের রক্তাক্ত জনপদ কুষ্টিয়া জেলা এখন শান্তি ও উন্নয়নের জেলায় পরিণত হয়েছে। আত্মসমর্পণকারীদের স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করা হবে। যারা পুলিশের আহ্বান উপেক্ষা করে মাদকে জড়িয়ে থাকবে তাদের জন্য ভয়ানক পরিণতি অপেক্ষা করছে। অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম আত্মসমর্পণকারীদের শপথ বাক্য পাঠ করান। পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জেলা প্রশাসক আসলাম হোসেন প্রমুখ।
