মাদকদ্রব্য তৈরি না করেও আমরা মাদকের থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে পারছি না :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৬ মে ২০১৯, ২২:৪৮

বাংলাদেশে আমরা মাদক প্রস্তুত করি না। তারপরেও এই মাদকের ছোবল থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে পারছি না। সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।’

গতকাল সোমবার দক্ষিণ-পশ্চিম যশোর রিজিয়নের আয়োজনে চুয়াডাঙ্গা-৬ বিজিবির ব্যাটালিয়ান সদর দপ্তরে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমাদের নতুন প্রজন্ম, আমাদের মেধাকে আমরা পথ হারাতে দেবো না। আমরা চাই পিতা-মাতার হত্যাকারী সন্তান ঐশী যেন আরেকটি না হয়।

বিশেষ অতিথির বক্তব্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক সাফিনুল ইসলাম বলেন, ‘মাদক নির্মূলে সীমান্তসহ জনগণের নিরাপত্তায় আমাদের পেশাগত দায়িত্বের পাশাপাশি এটি সামাজিক দায়িত্ব বলেও মনে করি। কারণ, মাদকের সঙ্গে সকল অপরাধের সরাসরি সম্পর্ক রয়েছে। যার কারণে আজ আমাদের যুব সমাজ ধ্বংসের করাল গ্রাসে। তাই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আজ আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্বে।’

স্বাগত বক্তব্যে দক্ষিণ-পশ্চিম যশোর রিজিয়ন কমান্ডার আইনুল মোর্শেদ খান পাঠান মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, যুগ্ম সচিব ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাস, বিজিবি’র দক্ষিণ-পশ্চিম যশোর রিজিয়নের ডেপুটি কমান্ডার আমিরুল ইসলাম প্রমুখ।