সড়কে মৃত্যুর মিছিল চলছেই। গতকাল দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৪ জন মারা গেছে। এর মধ্যে মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রাইভেটকার চাপায় মা-মেয়ে, দিনাজপুরের হাকিমপুরে ট্রাক চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র ও চট্টগ্রামের রাউজানে এক শ্রমিক নিহত হয়। এ বিষয়ে ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
মুন্সীগঞ্জ: লৌহজং উপজেলার যশলদিয়া এলাকায় সোমবার সকালে প্রাইভেটকার চাপায় মা ও মেয়ে নিহত হয়। নিহতরা হচ্ছে: মা পারভীন বেগম (৩৫) ও মেয়ে সামিয়া বেগম (৩)। নিহত পারভীন উপজেলার দক্ষিণ মেদেনিমন্ডল এলাকার মিজান হাওলাদারের স্ত্রী। স্থানীয়দের দাবি- মেদেনিমন্ডল ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ হোসেন খানের ছেলে ফাহাত খান বেপরোয়া গতিতে প্রাইভেটকার চালানোর সময় মা ও মেয়েকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মেয়ে সামিয়াকে মৃত ঘোষণা করেন। এছাড়া ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পথে মা পারভীন মারা যান।
রাউজান (চট্টগ্রাম): রাউজানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত, দুইজন আহত হয়েছে। সোমবার সকালে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রতিযোগিতাকালে কুন্ডেশ্বরীস্থ হাইওয়ে থানা সংলগ্ন স্থানে ইট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ট্রাক শ্রমিক বেলালউদ্দিন প্রকাশ দুলাল হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ ইউনিয়নের সন্দীপ কলোনীর বাসিন্দা।
হাকিমপুর (দিনাজপুর): উপজেলার বৈগ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা অধ্যাপক আশরাফ আলী প্রধানের ছেলে মোটরসাইকেল আরোহী আসিফ প্রধান আকাশ গত রবিবার সন্ধ্যায় পার্বতীপুরের ভবানীপুর পুলিশ ফাঁড়ির কাছে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা যান। এ ঘটনায় তার বন্ধু রবিন গুরুতর আহত হয়ে রংপুরের একটি হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় আছেন। দুইজনই বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। আকাশের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
