এসএসসি ও সমমানের পরীক্ষায় ছেলেরা বেশি অংশগ্রহণ করলেও পাসের হার, জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে আছে। এবার অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন। এর মধ্যে ছাত্র ১০ লাখ ৬৮ হাজার ৫২৭ জন ও ছাত্রী ১০ লাখ ৫৯ হাজার ২৮৮ জন। ৯ হাজার ২৩৯ জন ছাত্র বেশি অংশগ্রহণ করে।
এবারের ফলাফলে মাধ্যমিকে গড় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ১৩ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৮৩ দশমিক ২৮ শতাংশ। ছাত্রীদের পাসের হার বেশি ২ দশমিক ১৫ শতাংশ।
অন্যদিকে মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৫ হাজার ৫৯৪ জন। এর মধ্যে ৫২ হাজার ১১০ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। অপরদিকে জিপিএ-৫ পেয়েছে ৫৩ হাজার ৪৮৪ জন ছাত্রী। অর্থাত্ ছাত্রদের তুলনায় জিপিএ-৫ বেশি পেয়েছে এক হাজার ৩৭৪ জন ছাত্রী।
তবে আটটি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে এসএসসিতে অংশগ্রহণে ও পাসের হারে এগিয়ে আছে মেয়েরা। আট বোর্ডে ৮ লাখ ২০ হাজার ৯৮০ জন ছাত্র অংশ নিয়ে পাস করেছে ৬ লাখ ৭৩ হাজার ২৬২ জন। ৮ লাখ ৭৩ হাজার ৬৭২ জন ছাত্রী অংশ নিয়ে পাস করেছে ৭ লাখ ২৯ হাজার ৮৯৫ জন। ছাত্রদের পাসের হার ৮২ দশমিক ০১ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৮৩ দশমিক ৫৪ শতাংশ।
