২৫৮৩ প্রতিষ্ঠানে শতভাগ পাস

আপডেট : ০৬ মে ২০১৯, ২২:৪৯

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার শতভাগ পাস করেছে ২ হাজার ৫৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠান। গত বছরের চেয়ে এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১ হাজার ৯টি। গত বছর এক হাজার ৫৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস করেছিল।

শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা রাজশাহী বোর্ডে সর্বোচ্চ। এ বোর্ডের শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৪৩১টি। গত কয়েক বছরও ওই বোর্ডে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেশি ছিল। এবার এর পরের অবস্থানে রয়েছে যশোর বোর্ডে। এ বোর্ডের ২৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস করেছে।

এ ছাড়া ঢাকা বোর্ডে ১৪৬, কুমিল্লা বোর্ডে ১৩২, চট্টগ্রাম বোর্ডে ৩০, বরিশাল বোর্ডে ৫০, সিলেট বোর্ডে ২২ ও দিনাজপুর বোর্ডে ১৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক হাজার ২৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস করেছে। কারিগরি বোর্ডে শতভাগ পাস করেছে ৯৬টি বিদ্যালয়ে।