আরেকটি ম্যানচেষ্টার ‘ডার্বি’ আজ

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ২২:১৩
শিরোপা নিশ্চিত প্রায় হয়ে যাওয়া ম্যানচেষ্টার ইউনাইটেডের ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসন বিশ্বাস করেন তার তরুণ খেলোয়াড়রা আগামী মৌসুমেও রেড ডেভিলসদের প্রিমিয়ার লিগের গৌরব বয়ে আনতে পারবে। ম্যানচেষ্টার ইউনাইটেডের কোচ আজ সোমবার নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেষ্টার সিটির বিরুদ্ধে খেলতে নামার আগে এ কথা বলেন। নিকটতম এই প্রতিদ্বন্দ্বীর চাইতে বর্তমানে ১৫ পয়েন্টে এগিয়ে থাকা ম্যান ইউ রবার্তো মানচিনির সিটি’র বিরুদ্ধে জিতলেই দৃশ্যত নিশ্চিত করে ফেলবে প্রিমিয়ার লিগের ২০তম শিরোপা। এ কারণেই ফার্গুসন এখন আগামী মৌসুমের শিরোপা স্বপ্ন নিয়ে কথা বলছেন। মানচিনি অবশ্য ‘ডার্বি’ ম্যাচটিকে সামনে রেখে জানিয়েছেন প্রিমিয়ার লিগের শিরোপা ওল্ড ট্র্যাফোর্ডে পাড়ি জমাতে চললেও তার দল আজ দেখাতে চায় তারা এখনো ম্যানচেষ্টার ইউনাইটেডের সমকক্ষ। ইটালিয়ান এই কোচ চ্যাম্পিয়ন হিসেবে তার দলের রাজত্ব যে শেষ সেটা মেনে নিতে বাধ্য হয়েছেন। এরপরও তিনি মনে করেন ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠেয় খেলাটিতে তার দলের দেখানোর মতো অনেক কিছুই আছে। সিটি সমর্থকরা কখনোই চাইবে না ইউনাইটেডের ভক্তরা যেন গেল বছর ওল্ড ট্র্যাফোর্ডে তাদের ৬-১ গোলের জয়টি যেন ভুলে না যায়। সে কারণেই শত্রুর মাঠে আজ তারা আরো একটি জয় পেয়ে শিরোপা হাতছাড়া হওয়ার আসন্ন যন্ত্রণা কিছুটা হলেও যেন হালকা হয়। ম্যানচিনি স্মৃতির জাবর কেটে বলেন,‘৬-১ গোলে জেতা অসম্ভব। এটা ১০০ বছরের কেবল একবারই ঘটতে পারে। তাইবলে আমাদের ১৫ পয়েন্ট পেছনে পড়ে থাকাটা মানায় না। কিন্তু তারা ভাল খেলেছে, অনেকগুলো খেলা জিতেছে। সর্বশেষ তারা হেরেছে নরউইচের মাঠে নভেম্বরে। সেজন্যই তারা যোগ্যতার নিরিখেই শীর্ষে অবস্থান করছে।’ তিনি আরো বলেন,‘এই পয়েন্ট টেবিলটা সত্যি নয়। আমাদের এখনো আট খেলা আছে। আমরা যদি ভাল খেলি, অনেকগুলো খেলায় জিতি, হয়তো আমরা ব্যবধান কমিয়ে আনতে পারবো। এটাই আমাদের লক্ষ্য। আমি জানি না এই মুহূর্তে আমাদের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত। সেখানে খেলা কঠিন ব্যাপার। তবে তাদের এবং আমাদের মধ্যে বড় কোন ব্যবধান নেই।’ আপাতত মানচিনির লক্ষ্য হলো লিগে দ্বিতীয় হওয়া। এ ব্যাপারে তাদের প্রতিদ্বন্দ্বী হলো টটেনহ্যাম হটস্পার। যদিও চেলসি এখনো লিগে রানার্স আপ হওয়ার আশা ছেড়ে দেয়নি। এদিকে ম্যানচেষ্টার ইউনাইটেড কোচ জানিয়েছেন, সিটির কাছ থেকে শিরোপা পুনরুদ্ধার করতে পারাটা হবে তার দলের জন্য একটা সফল মৌসুমের পরিসমাপ্তি। তবে দলটি যে গেল মৌসুমের শোচনীয় হারটির প্রতিশোধ নিতে চাইবে সেটাও বলার অপেক্ষা রাখে না। ম্যান ইউ’র জন্য আরো সুবিধা হলো ওয়েন রুনি ও রাফায়েল ডি সিলভার ফিরে আসা। রুনি হলেন ম্যানচেস্টার ডার্বিতে ফার্গুসনের দলের পক্ষে সবচাইতে বেশি গোলদাতা। দুই দলের এই ডার্বি কোন পর্যায়ে গেছে তা বোঝা যায় ফার্গুসনের একটি মন্তব্য থেকে। স্যার অ্যালেক্স বলেছেন ম্যানচেষ্টারের দল দুটি শিরোপার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার পর থেকেই এই ডার্বি ম্যাচটি আলাদা ব্যঞ্জনা পেয়েছে। এ ব্যাপারে স্কটিশ কোচটি বলেন,‘কয়েক বছর আগের তুলনায় এটা একটা ভিন্ন ডার্বি গেম। সবচাইতে গুরুত্বপূর্ণ হলো সোমবারের খেলাটি জেতা। সিটির জন্যও এটা বড় একটা খেলা। তারা আসবে এবং চেষ্টা করবে আমাদের লক্ষ্যচ্যুত করতে। আমরা নিজেদের মাঠে খেলবো এবং সবার দেখার জন্য থাকবে আমাদের ধারাবাহিকতা। আমি আশা করবো আমরা সোমবার সত্যি ভাল খেলবো।’