১০৭ প্রতিষ্ঠানের সবাই ফেল

আপডেট : ০৬ মে ২০১৯, ২২:৪৯

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১০৭ প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি। তবে গত বছরের চেয়ে পাস না করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে দুইটি। গত বছর ১০৯ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল করেছিল।

ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট বোর্ডে কোনো শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠান নেই। রাজশাহী, যশোর ও দিনাজপুর বোর্ডে একটি করে প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি। বরিশাল বোর্ডে দুইটি শূন্যপাস বিদ্যালয় রয়েছে। অন্যদিকে মাদরাসা বোর্ডের ৫৯টি ও কারিগরি বোর্ডের ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি।

শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না— জানতে চাইলে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, এসব শিক্ষাপ্রতিষ্ঠানে কেন সবাই ফেল করেছে এবং এখানে কী ব্যর্থতা আছে তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবো।