নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় মংলা সমুদ্র বন্দরকে আকর্ষণীয় করা এবং এ সমুদ্র বন্দরের পাশে একটি মেরিন একাডেমি স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। রবিবার সংসদ ভবনে কমিটির সভাপতি হুইপ নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য নৌ-পরিবহন মন্ত্রী মোঃ শাজাহান খান, মনোরঞ্জন শীল গোপাল, গোলাম কিবরিয়া টিপু, হাবিবুন নাহার, সামশুল হক চৌধুরী, নসরুল হামিদ এবং মোঃ নজরুল ইসলাম বাবু সভায় অংশগ্রহণ করেন।
সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) এবং পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার নৌ-টার্মিনালে পুরানো টেন্ডার প্রক্রিয়া বাতিল করে নিজস্ব অর্থায়নে পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আগামী বৈঠকে কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়। সভায় অভ্যন্তরীণ কন্টেইনার নৌ-টার্মিনাল নির্মাণের খসড়া নীতিমালা বিষয়ে ১০ নং সাব-কমিটি’র রিপোর্ট কমিটিতে উত্থাপিত হলে মূল কমিটিতে গ্রহণ করা হয়। এ খসড়া নীতিমালার আলোকে একটি চূড়ান্ত নীতিমালা তৈরি করে আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।
