রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধের হোসেন মার্কেটে অগ্নিকাণ্ডে অন্তত ৬৬টি দোকান ভাস্মীভূত হয়েছে। গতকাল রবিবার ভোরে লাগা এই আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদি সুলতানা বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে রাত ২টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৬৬টি দোকান পুড়েছে বলে জানান তিনি। এগুলোর মধ্যে মুদি দোকান ৯টি, কাপড়ের দোকান ৪টি, মনোহারি দোকান ৪টি, সবজির দোকান ২০টি, মাছের দোকান ১৬টি, মুরগি ও মাছের দোকান ৪টি, বাকিগুলো পান ও সিগারেটের দোকান। আগুনে কেউ হতাহত হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
