টাক মাথায় হূদরোগ তবে সব টাকে নয়

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ২২:২২
জাপানের গবেষকগণ টাক মাথার পুরুষদের সঙ্গে হূদরোগের একটা সম্পর্ক খুঁজে পেয়েছেন। তবে সব টাক মাথার পুরুষদের ক্ষেত্রে এই গবেষণাটি প্রয়োজ্য নয়। যেসব পুরুষের মাথার পিছনের দিকে (ভারটেক্স বা ক্রাউন) গোল হয়ে টাক হবে কেবল তারাই হূদরোগের জন্য ঝুঁকিপূর্ণ। জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ ৩৭ হাজার টাক মাথার পুরুষের ওপর ১৪ বছর ধরে গবেষণা করে এই তথ্য প্রকাশ করেছেন। স্ট্যাডি কো অথার ড. কাজু হারা বৃটিশ মেডিক্যাল জার্নালে গবেষণালব্ধ এই নতুন তথ্য তুলে ধরে বলেন, যাদের ভারটেক্স বা ক্রাউন বল্ডনেস বা পিছনের দিকে গোলাকার টাক মাথা রয়েছে তাদের অবশ্যই হূদরোগের ব্যাপারে সতর্ক হতে হবে এবং বছরে একবার হূদরোগ প্রোফাইল দেখে নিতে হবে। তবে গবেষকগণ স্বীকার করেছেন এ ধরনের টাক মাথার সঙ্গে করোনারি হূদরোগের কেন সম্পর্ক রয়েছে তা যথেষ্টভাবে পরিষ্কার নয়। তবে টরেন্টোর সানিব্রুক হেলথ সায়েন্স সেন্টারের হূদরোগ বিশেষজ্ঞ ড. ডেনিস কো মনে করেন যে কারণটিতে বা ফ্যাক্টরের জন্য চুল পড়ছে সেই একই কারণে হূদরোগ সমস্যাও তৈরী হচ্ছে। ড. কো মনে করেন এন্ড্রোজেন ও টেসটেসটেরন হরমোনের কারণে চুল পড়ে এবং সেই একই হরমোনের কারণে হার্টের রক্তনালীও ক্ষতিগ্রস্ত হয়। রিপোর্টে বলা হয়, পূর্ববর্তী গবেষণায় দেখা যায় ইনসুলিন রেজিস্ট্যান্স ডায়াবেটিস, শরীরে দীর্ঘমেয়াদী প্রদাহ অথবা টেসটেসটেরন হরমোনের ক্ষেত্রে সেনসিটিভিটির কারণে করনারী হূদরোগ হতে পারে এবং যা পুরুষের চুল পড়া সমস্যার জন্যও দায়ী। তবে বিশেষজ্ঞগণ উল্লেখ করেছেন, টাক মাথার সঙ্গে করোনারী হূদরোগ বা হার্ট এ্যাটাকজনিত হূদরোগের সম্পর্ক থাকলেও তা ধূমপান, মেদবহুল শরীর এবং উচ্চ রক্তচাপের ঝুঁকির মত মারাত্মক নয়। কারণ ধূমপান, ওবেসিটি ও উচ্চ রক্তচাপের রোগীদের হূদরোগের ঝুঁকি সবচেয়ে বেশী।