সেকেন্ডে গিগাবিট গতির তথ্য স্থানান্তরে ‘লাই-ফাই’ উদ্ভাবিত

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ১৯:০২
সময়ের সাথে সাথে প্রযুক্তি বিশ্ব এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আর সেইসাথে দ্রুত বদলে যাচ্ছে প্রযুক্তির প্রেক্ষাপট। আজকের প্রযুক্তি পরের দিনই পরিণত হচ্ছে পুরোনো প্রযুক্তিতে। তথ্য স্থানান্তরের গতি নিয়েও একই কথা বলা যায়। এখন পর্যন্ত তারহীন যোগাযোগের প্রযুক্তি হিসেবে ওয়াই-ফাইয়ের গতিতেই মুগ্ধ হয়ে রয়েছে প্রযুক্তিপ্রেমীরা। তবে বিজ্ঞানী আর গবেষকরা কিন্তু সন্তুষ্ট নয় এতেও। আর সে কারণেই তারা গবেষণা অব্যাহত রেখেছেন। পৃথিবীর নানা প্রান্তেই চলছে এ নিয়ে গবেষণা। তবে ফলাফলটা পেয়ে গেছেন জার্মানির একদল গবেষক। বার্লিনের ফ্রনহফার হেনরিক হার্জ ইনস্টিটিউটের এই গবেষক দল জানিয়েছেন, লাইট এমিটিং ডায়োড (এলইডি) ব্যবহার করে তারা এমন এক ধরনের তথ্য স্থানান্তর পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা সেকেন্ডে ৮০০ মেগাবিট থেকে ১ গিগাবিট পর্যন্ত গতিতে তথ্য স্থানান্তর করতে সক্ষম। তবে এই গতি পাওয়া গেছে সিঙ্গেল ফ্রিকোয়েন্সির এলইডি লাইটে। যেহেতু এলইডি লাইটগুলো তিনটি ফ্রিকোয়েন্সিতে কাজ করে, তাই এর মাধ্যমে সমন্বিতভাবে সেকেন্ডে ৩ গিগাবিট পর্যন্ত গতিতে তথ্য স্থানান্তর করা সম্ভব হবে। এই গবেষক দলের তথ্য অনুযায়ী, তারা এলইডিকে এমনভাবে ব্যবহার করেছেন, যা ডিজিটাল তথ্য স্থানান্তর করার জন্য এক ধরনের সিগন্যাল প্রদান করে। কম্পিউটিং ডিভাইসে থাকা লাইট সেন্সর এই সিগন্যাল সনাক্ত করে এবং সেটি গ্রহণ করে ডিজিটাল তথ্যগুলো গ্রহণ করতে পারে। এলইডি ব্যবহার করে উদ্ভাবিত এই পদ্ধতির নাম দেওয়া হয়েছে ‘লাই-ফাই’। ‘লাই-ফাই’ নিয়ে গবেষণাও অবশ্য নতুন নয়। এর আগেই চলতি বছরের শুরুর দিকে এই পদ্ধতির অবিশ্বাস্য গতির কথা জানিয়েছিলেন কয়েকজন বিজ্ঞানী। তারা জানিয়েছিলেন, লাই-ফাই ব্যবহার করে হাই-ডেফিনেশন সব সিনেমাও ডাউনলোড করা যাবে এক মিনিটেরও কম সময়ে। গবেষকরা জানিয়েছেন, যেকোনো এলইডি লাইটই এই লাই-ফাই রাউটার হিসেবে কাজ করতে পারবে আর তা কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট বা স্মার্টফোনে তথ্য স্থানান্তরে ব্যবহূত হতে পারবে। বর্তমানে এলইডি লাইটের ব্যবহার শুরু হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। এমনকি প্রচলিত বাল্বের পরিবর্তেও এলইডি বাল্বের ব্যবহার শুরু হয়েছে। কাজেই লাই-ফাইকে সঠিকভাবে পরিচর্যা করতে পারলে সর্বত্রই এর নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়া সম্ভব হবে বলেই আশা করছেন লাই-ফাই নিয়ে গবেষণা চালিয়ে যাওয়া বিজ্ঞানীরা। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টোকিও ফাইবার অপটিক্স এক্সপোতে এটি প্রদর্শন করবে ফ্রনহফারের গবেষকরা।