র্যাবের অভিযানে ৬ মাদক বিক্রেতা আটক

আপডেট : ০৭ মে ২০১৯, ০০:৩৫

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর যাত্রাবাড়ীসহ নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে এক হাজার ৯০৫ পিস ইয়াবাসহ ছয় মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। গতকাল সোমবার র্যাব-১০ এর সদর দফতর সূত্র এ তথ্য জানিয়েছে।

র্যাব-১০ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) নূর ইসলাম জানান, গত রবিবার রাতে র্যাব-১০ এর একটি টিম যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১শ পিস ইয়াবাসহ সাইফুল ও সফর আলী নামে দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে। এদিকে রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় র্যাব-১০ এর এএসপি মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ৮৫০ পিস ইয়াবাসহ আপেল, আসাদুজ্জামান নুর নামে দুই মাদক বিক্রেতাকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৯ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় র্যাব-১০ এর মেজর মো. আশরাফুল হকের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ৯৫৫ পিস ইয়াবাসহ বাবু শেখ ও সোহেল বেপারি নামে দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪১ হাজার ৭০০ টাকা ও আটটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।