নিকলীর হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় লোকবল সংকটে কাজ ব্যাহত

আপডেট : ০৭ মে ২০১৯, ০০:৩৬

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

নিকলী উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে সাতটি পদের বিপরীতে কর্মরত আছেন দুইজন। লোকবল সংকট থাকায় ওই কার্যালয়ে বিভিন্ন কাজে আসা লোকজন ভোগান্তির শিকার হচ্ছেন।

সরেজমিনে গিয়ে হিসাবরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর আহমেদ খাঁনকে অফিসে পাওয়া যায়নি। অফিসে থাকা অডিটর মো. আবু তাহের বলেন, স্যার মনে হয় গাড়িতে আছেন। কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন।

উপজেলার জারুইতলা ইউনিয়ন থেকে আসা নাম প্রকাশ না করার শর্তে একজন মহিলা বলেন, আমি ১০ দিন ধরে স্বামীর পেনশনের টাকার চেক নেওয়ার জন্য ঘুরছি। কিন্তু অফিসে যারা আছেন তারা খালি লোকবল সংকট দেখিয়ে ঘুরাচ্ছেন। এ সময় তিনি বলেন, আমার নামটা দয়া করে আপনাদের পত্রিকায় দেবেন না, তাহলে আরো বেশি ঘুরতে হবে।

পরে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর আহমেদ খাঁন মুঠোফোনে বলেন, লোকবল কম, দুইজনে কীভাবে একটি অফিস সামাল দিবো। উপজেলায় ২২০ জন পেনশনভোগী রয়েছে। তারা এমন অভিযোগ করতে পারেন। বিভাগীয় কর্মকর্তাদের বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। তারা বলেছেন, কিছুদিনের মধ্যে শূন্য পদে লোক দেওয়ার চেষ্টা করা হবে। আমরা এ আশায় আছি।