বাসস ইউনিট পুনর্গঠন অবৈধ : ডিইউজে

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৪১
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ ডিইউজে’র বাসস ইউনিট পুনর্গঠনের সংবাদে বিস্ময় প্রকাশ করেছেন। গতকাল এক বিবৃতিতে তারা বলেন, বাসস ইউনিটে আশেকুন নবী চৌধুরী ইউনিট চিফ এবং রুহুল গনি সরকার জ্যোতি ডেপুটি ইউনিট চিফ হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। এমতাবস্থায় গঠনতান্ত্রিক বিধিবিধান অমান্য করে নতুন ইউনিট গঠনের নামে সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি কোনক্রমেই গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন ডিইউজে নেতৃবৃন্দ। উল্লেখ্য, বাসস ইউনিটে বিরাজমান সমস্যা সমাধানে ডিইউজের পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি কাজ করছে এবং এ ব্যাপারে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অবস্থায় নতুন কমিটি গঠন বৈধ নয়।