নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশের দাবিতে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি ১৫ মে

আপডেট : ০৭ মে ২০১৯, ০০:৫৩

নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশসহ ১৪ দফা দাবিতে আগামী ১৫ মে সারাদেশে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

গণমাধ্যমে ঢালাইভাবে ছাঁটাই বন্ধ করা, নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশ করা, সংসদ অধিবেশনে গণমাধ্যম কর্মী আইন পাস করা, ঈদের আগে বেতন বোনাস প্রদানসহ চৌদ্দ দফা দাবিতে অনুষ্ঠিত এ মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স, ঢাকা সাব এডিটরস কাউন্সিল, বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংগঠন।

সাংবাদিক নেতারা বলেন, গণমাধ্যমগুলো আজ সমস্যার পাহাড়। অনেক প্রতিষ্ঠানে মাসের পর মাস বেতন হয় না। যেখানে বেতন হয় সেখানে ইনক্রিমেন্ট হয় না, যেখানে ইনক্রিমেন্ট হয় সেখানে কোনো নীতিমালা ছাড়া বেপরোয়াভাবে ছাঁটাই চলছে। যা কোনোভাবে মেনে নেওয়া হবে না। সমপ্রতি যেসব সাংবাদিক চাকরি হারিয়েছেন চলতি ওয়েজ বোর্ড অনুযায়ী মালিকপক্ষকে তাদের বকেয়া পরিশোধ করতে হবে। সেইসঙ্গে গণমাধ্যম কর্মীদের চাকরিচ্যুতির যে প্রক্রিয়া চলছে তা বন্ধ করতে হবে।