ইত্তেফাক রিপোর্ট
পঞ্চগড় কারাগারে অগ্নিদগ্ধের পর হাসপাতালে আইনজীবী পলাশ কুমার রায়ের (৩৬) মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দাখিল করেন আইনজীবী সায়েদুল হক সুমন। রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, আইজি প্রিজন্স ও পঞ্চগড় কারাগারের জেলারকে বিবাদী করা হয়েছে।
রিটে বলা হয়, মানহানির একটি মামলায় গত ২৬ মার্চ কারাগারে পাঠানো হয় আইনজীবী পলাশকে। এক মাস পর ২৬ এপ্রিল কারা হাসপাতালের বাথরুমে অগ্নিদগ্ধ হন ওই আইনজীবী। পরে তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ৩০ এপ্রিল দুপুরে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। রিটকারী আইনজীবী বলেন, কারাগার অত্যন্ত স্পর্শকাতর জায়গা। সেখানে কিভাবে তার শরীরে আগুন লাগলো সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। যেহেতু কারা অভ্যন্তরে এ ঘটনা ঘটেছে সুষ্ঠু তদন্তের স্বার্থে এর বিচার বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন।
