দেশে নারীর ক্ষমতায়ন বেড়েছে : হাইকোর্ট

আপডেট : ০৭ মে ২০১৯, ০০:৫৫

ইত্তেফাক রিপোর্ট

হাইকোর্ট বলেছে, দেশে নারীর ক্ষমতায়ন বেড়েছে। প্রধানমন্ত্রী নিজেও নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছেন। সরকারও নানা সেক্টরে কোটা সিস্টেম করে নারীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। যৌন হয়রানি প্রতিরোধে প্রতিষ্ঠানভিত্তিক কমিটি গঠনের জন্য ১০ বছর আগে হাইকোর্ট যুগান্তকারী রায় দিয়েছে। ওই রায় বাস্তবায়নে সরকারি কর্মকর্তারা কী করেছে? এ সংক্রান্ত রিট শুনানিকালে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গতকাল রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে এ মন্তব্য করেন।

এ পর্যায়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, বর্তমানে যৌন হয়রানির ঘটনা ঘটছে। এ ধরনের অপরাধ যে করবে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। রাষ্ট্র তাকে বিচারের মুখোমুখি করছেও। এর আগে শুনানিতে রিটকারীর আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি রোধে সুনির্দিষ্ট সংজ্ঞা, অভিযোগ কমিটি গঠনের নির্দেশনা দিয়ে ২০০৯ সালে রায় দেয় হাইকোর্ট। ওই রায় এখনো শতভাগ বাস্তবায়িত হয়নি। হাইকোর্ট বলে, এতদিনেও রায় বাস্তবায়ন হয়নি; তাহলে কেন আদালত অবমাননার মামলা করেননি? এখন রিট নিয়ে এসেছেন কেন? ওই আইনজীবী বলেন, নুসরাতের ঘটনা আমাদের নাড়িয়ে দিয়েছে। এ কারণে রিট নিয়ে এসেছি। আদালত বলে, আপনারা রিট নিয়ে আসবেন আর আমরা বারবার নির্দেশনা দেব। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটা লঙ্ঘন করে যাবে।